১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে ভারতের রাজধানী দিল্লিতে বইছে কূটনৈতিক তৎপরতা। এরই মধ্যে নয়া দিল্লির কাছে সদ্য নির্মিত নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে রাশিয়ার বিমানবাহিনীর ৩টি সামরিক উড়োজাহাজ।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ-এর তথ্যমতে, গত মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে বিমানগুলো নয়ডায় অবতরণ করে। এই বহরে রাশিয়ার একটি ভারী সামরিক পরিবহন বিমান ‘আইএল-৭৬’ (IL-76) অন্তর্ভুক্ত ছিল।
মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য ভারত সফরকে সামনে রেখে তাঁর বিশেষ নিরাপত্তা ও অগ্রবর্তী প্রতিনিধি দলকে নিয়ে বিমানগুলো ভারতে পৌঁছায়। নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ইতিহাসে এটিই কোনো বিদেশি সামরিক উড়োজাহাজের প্রথম অবতরণের ঘটনা।
আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লির ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের পাশাপাশি ভ্লাদিমির পুতিনের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে বিদেশি রাষ্ট্রপ্রধান ও উচ্চপর্যায়ের ভিভিআইপিদের জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহৃত হলেও, এবার পুতিনের সুরক্ষায় বিকল্প হিসেবে নয়ডাকেই বেছে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। বুধবারেও বিমান তিনটি নয়ডাতেই অবস্থান করছিল এবং দুই দেশের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তারা যৌথভাবে পুরো বিমানবন্দর চত্বর তদারকি করছেন।
সূত্র: টাইমস নাউ
তুলার মতো ভেসেছিলো দুই-তিনতলা বাড়ির সমান পাথর!