মিষ্টিতে পোকা দেখিয়ে টাকা ও আইফোন দাবি, ভ্লগার দম্পতির বিরুদ্ধে অভিযোগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে মিষ্টির মধ্যে ইচ্ছাকৃতভাবে পোকা দেখিয়ে ক্ষতিপূরণ হিসেবে নগদ টাকা ও আইফোন দাবি করার অভিযোগ উঠেছে এক ভ্লগার দম্পতির বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার হাবড়ার প্রফুল্লনগরে শ্রীকৃষ্ণ সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ঘিরে এ ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে সহেলি দে সূত্রধর ও তাঁর স্বামী সুব্রত দে ওই মিষ্টির দোকানে যান। পরে মিষ্টি খাওয়ার সময় তাঁরা দাবি করেন, এর মধ্যে পোকা রয়েছে। এ নিয়ে দোকানের মালিকের সঙ্গে তাঁদের তর্কাতর্কি হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে দোকানের মালিক নয়ন ঘোষের হোয়াট্‌সঅ্যাপে পোকা ধরা মিষ্টির ছবি ও ভিডিও পাঠানো হয়।

দোকানি নয়ন অভিযোগ করেন, ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন ওই দম্পতি। তাঁকে বারবার ফোন করে ব্ল্যাকমেইল করা হয় এবং সেদিন সন্ধ্যা ৬টার মধ্যে তাঁদের বাড়িতে যেতে বলা হয়।

পরে নয়ন ওই দম্পতির বাড়িতে গেলে তাঁরা ছবি ও ভিডিও মুছে দেওয়ার বিনিময়ে আইফোন ও নগদ অর্থ দাবি করেন বলে অভিযোগ করেন তিনি। তাঁর আরও দাবি, ইচ্ছাকৃতভাবে মিষ্টিতে পোকা মিশিয়ে পরে তাঁকে ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

নয়ন বলেন, তাঁর মিষ্টি তৈরির কারখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে খাদ্যসুরক্ষার নিয়ম মেনে পরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করা হয়। তাই মিষ্টিতে পোকা থাকার বিষয়টি নিয়ে তাঁর সন্দেহ তৈরি হয়। ব্যবসা ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করে টাকা আদায়ের উদ্দেশ্যেই অভিযুক্তরা এমনটি করেছেন বলে অভিযোগ তাঁর।

এ ঘটনায় হাবড়া থানায় ওই ভ্লগার দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তাঁদের বিরুদ্ধে মানহানির মামলাও করা হয়েছে।

সূত্র: আনন্দবাজার।

এএম
আরও পড়ুন