লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের হুঁশিয়ারি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ এএম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিতে কেন্দ্রীয় সরকারকে ২ অক্টোবর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। নির্দিষ্ট সময়ে পদক্ষেপ না নিলে শান্তিপূর্ণ গণআন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ওয়াংচুক জানান, লাদাখের স্বশাসন ও পরিবেশ রক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি হচ্ছে না। লেহ অ্যাপেক্স বডি ও কার্গিল ডেমোক্রেটিক অ্যালাইয়েন্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠকে বসলেও কোনো লিখিত আশ্বাস মেলেনি।

তার মূল দাবিগুলোর মধ্যে রয়েছে লাদাখকে পূর্ণ রাজ্য বানানো এবং সংবিধানের ষষ্ঠ তফসিলভুক্ত করা। পাশাপাশি গত বছরের ২৪ সেপ্টেম্বর লেহ-তে গুলিবর্ষণে চারজন নিহতের ঘটনায় বিচার ও ক্ষতিপূরণের জোর দাবি জানান তিনি।

ঐ ঘটনার পর আটক আন্দোলনকারীদের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানান ওয়াংচুক। একই সাথে দেশের নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ রাখতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের আন্দোলনের প্রতিও তিনি সংহতি ব্যক্ত করেছেন।

ওয়াংচুক স্পষ্ট জানান, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় জনগণের সোচ্চার হওয়া জরুরি। আগামী ২ অক্টোবরের মধ্যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত না এলে লাদাখজুড়ে নতুন গণকর্মসূচির ডাক দেওয়া হবে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত