ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী দাবি করেছে, হুথিদের অবস্থান লক্ষ্য করে পরিচালিত অন্তত দুই হাজার ১০৩টি সামরিক অভিযানে এক হাজার ৮৬০ জন হুথি যোদ্ধা নিহত হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্রের বিবৃতির বরাত দিয়ে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, দেশের বিভিন্ন ফ্রন্টে এসব লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হয়। অভিযানে হুথিদের সামরিক সক্ষমতার ওপরও বড় ধরনের আঘাত হানার দাবি করেছে সরকারি বাহিনী।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় হুথিদের ‘শত শত সামরিক সরঞ্জাম, অস্ত্র ও সামরিক স্থাপনা’ ধ্বংস করা হয়েছে। তবে নিহতের সংখ্যা ও ধ্বংস হওয়া সামরিক সরঞ্জামের বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। দেশটির বিভিন্ন অঞ্চলে সামরিক উত্তেজনার পাশাপাশি সৌদি আরবসহ আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততাও সংঘাতকে জটিল করে তুলেছে।
হুথিরা রাজধানী সানা ও দেশের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ফ্রন্টে উভয় পক্ষের সামরিক তৎপরতা বাড়ার খবর পাওয়া যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, স্থলযুদ্ধের পাশাপাশি ইয়েমেনের সংঘাতের প্রভাব লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালির নিরাপত্তার ওপরও পড়ছে। বিশ্বের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথগুলোর একটি হওয়ায় এই অঞ্চলে সামরিক উত্তেজনা আন্তর্জাতিক জাহাজ চলাচল ও আঞ্চলিক নিরাপত্তার জন্যও উদ্বেগ তৈরি করছে।
তবে ইয়েমেনি সেনাবাহিনীর সর্বশেষ অভিযানে হতাহতের যে সংখ্যা প্রকাশ করা হয়েছে, তা সরকারি বাহিনীর দাবি হিসেবেই বিবেচনা করা হচ্ছে। হুথিদের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইয়েমেনে ১,৮৬০ হুথি ‘নিষ্ক্রিয়’ করলো সরকারি বাহিনী
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে এক ধাপ পেছালো বাংলাদেশ