পিটিআইয়ের লংমার্চ: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৪ এএম

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামোর নিরাপত্তার কথা উল্লেখ করে শনিবার (১০ অক্টোবর) এই ঘোষণা দেন জেলার ডেপুটি কমিশনার নাদিম নাসির। আগামী ৮ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অনুযায়ী, কোনো স্থানে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া প্রকাশ্যে অস্ত্র, হাতে তৈরি বিস্ফোরক, পেরেকযুক্ত বস্তু, ভারী লাঠি, গুলতি, বল-বিয়ারিং, পেট্রলবোমা কিংবা মানুষের ক্ষতি করতে পারে—এমন সরঞ্জাম বহন ও প্রদর্শন করা যাবে না।

নিষেধাজ্ঞার আওতায় ড্রোন ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সমাবেশ ও যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের স্থাপন করা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা যাবে না।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদ অভিমুখী লংমার্চের মধ্যে রাওয়ালপিন্ডিতে এ সিদ্ধান্ত নেওয়া হলো। তবে দলটির লংমার্চ এখনো খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বাইরে পৌঁছায়নি। গতকালও প্রদেশটির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর নেতৃত্বে লংমার্চ ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল জেলা গোয়েন্দা কমিটির (ডিআইসি) বৈঠকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ওপর সম্ভাব্য হুমকি নিয়ে ডেপুটি কমিশনারকে সতর্ক করা হয়। এসব হুমকি মানুষের জীবন, সরকারি-বেসরকারি সম্পদ এবং জেলার সামগ্রিক শান্তি-শৃঙ্খলার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে বলে বৈঠকে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিপুল জনসমাগম, বিক্ষোভ ও বিশৃঙ্খল জমায়েতের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কা রয়েছে। এ উদ্দেশ্যে কিছু ব্যক্তি ও গোষ্ঠী লোকজনকে সংগঠিত করছেন বলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানিয়েছে জেলা গোয়েন্দা কমিটি।

রাওয়ালপিন্ডির পাশাপাশি পাকিস্তানের আরও কয়েকটি এলাকাতেও ১৪৪ ধারা কার্যকর রয়েছে। গত ১৮ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাজধানী ইসলামাবাদে দুই মাসের জন্য এ ধারা জারি করা হয়।

এদিকে লাহোরে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর রয়েছে। জনশান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে সেখানে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এমইউ
আরও পড়ুন