তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অপরাধে প্যারাগুয়ের যোগাযোগমন্ত্রী গুস্তাভো ভিয়াতে এবং বেলিজের পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিস ফনসেকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং।
সোমবার (১২ অক্টোবর) চীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়, যা ঘোষণার পরপরই কার্যকর করা হয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং তাইওয়ানের স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আরোপিত নিষেধাজ্ঞার আওতায় চীনে অবস্থানরত ওই দুই মন্ত্রীর সব স্থাবর-অস্থাবর সম্পদ বাজেয়াপ্ত বা ফ্রিজ করা হবে। পাশাপাশি তাদের এবং তাদের পরিবারের সদস্যদের মূল চীন ভূখণ্ডসহ হংকং ও ম্যাকাওয়ে প্রবেশে ভিসা প্রদান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসা বা লেনদেন করতে পারবে না।
বেইজিংয়ের দাবি, কিছু "চীন-বিরোধী রাজনীতিবিদ" নিজেদের স্বার্থে তাদের দেশকে তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে উৎসাহিত করছেন, যা চীনের "মূল স্বার্থকে আঘাত করছে"। বর্তমানে বিশ্বজুড়ে যে ১২টি দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, প্যারাগুয়ে ও বেলিজ তাদের অন্যতম।
উল্লেখ্য, গত শনিবার তাইওয়ানের জাতীয় দিবস উপলক্ষে প্রেসিডেন্ট লাই চিং-তে পিয়ংইয়ং ও বেইজিংকে বার্তা দিয়ে জানান, "তাইওয়ান শান্তিকে ভালোবাসে, তবে কখনো স্বাধীনতা বিসর্জন দেবে না।" এরপরই দুই দেশের মন্ত্রীদের ওপর বেইজিংয়ের এই কড়া পদক্ষেপের ঘোষণা এলো।
সূত্র: আল-জাজিরা
সৌদি ভ্রমণে মার্কিন নাগরিকদের 'সর্বোচ্চ সতর্ক' করলো যুক্তরাষ্ট্র