যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৯৭ জন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে ইরানের প্রসিকিউশন বিভাগ।
সাম্প্রতিক দুটি যুদ্ধে হামলা এবং দেশটির আণবিক শক্তি সংস্থার ক্ষয়ক্ষতির অভিযোগে করা মামলাগুলো আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আলী কাজেমি। মঙ্গলবার (১৩ অক্টোবর) তিনি এ তথ্য জানান।
কাজেমির ভাষ্য অনুযায়ী, অভিযোগগুলোর মধ্যে রয়েছে ‘পৃথিবীতে দুর্নীতি’, জাতীয় নিরাপত্তা দুর্বল করার চেষ্টা এবং জাতীয় সম্পদ দখল ও ধ্বংসের উদ্দেশ্যে সেগুলোর ওপর হস্তক্ষেপ। ইরানের আইনে ‘পৃথিবীতে দুর্নীতি’ একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়।
দেশটির আণবিক শক্তি সংস্থাকে ঘিরে করা মামলায় ধ্বংসযজ্ঞ ও অগ্নিসংযোগের অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরানের প্রসিকিউশন বিভাগ।
তবে অভিযুক্ত ব্যক্তিদের পরিচয়, অভিযোগের বিস্তারিত প্রমাণ এবং মামলাগুলোর পরবর্তী শুনানির সময়সূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। অভিযোগপত্র দাখিলের অর্থ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়া নয়; মামলাগুলোর নিষ্পত্তি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।
মার্কিন প্রস্তাব নিয়ে জবাব চূড়ান্ত করছে ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী