সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে একটি বাড়ি ও পশুখাদ্য সংরক্ষণের গুদামে আগুন দিয়েছে ইসরায়েলি সেনারা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় পশ্চিম দারার ওয়াদি আল-রাক্কাদ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া টিভির প্রতিবেদনে বলা হয়, এলাকাটিতে অভিযান চালিয়ে একটি বাড়িতে প্রবেশ করে ইসরায়েলি সেনারা। পরে তারা বাড়িটিতে এবং কাছাকাছি পশুখাদ্য সংরক্ষণের একটি গুদামে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ার বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে দেশটিতে সামরিক তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পাশাপাশি ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের উপস্থিতি সম্প্রসারণ করেছে দেশটি।
ইসরায়েলের অনুপ্রবেশ ও হামলার নিন্দা জানিয়ে আসছে সিরিয়ার কর্তৃপক্ষ। দামেস্কের অভিযোগ, এসব কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। একই সঙ্গে ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তিতে নির্ধারিত অবস্থানে ইসরায়েলি বাহিনীকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে আসছে সিরিয়া।
এদিকে, নিরাপত্তাব্যবস্থা নিয়ে সমঝোতা এবং ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহালের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্ক ও ইসরায়েলের রাজধানী তেল আবিব।
সূত্র: আনাদোলু এজেন্সি।
রাশিয়ায় চাকরির প্রলোভনে ৩০ বাংলাদেশি, যুদ্ধক্ষেত্রে প্রথম দিনেই নিহত ১৭
পূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী পুতুল