রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৪ এএম

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত ২০২৬ সালের ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’-এর আওতায় কিছু নিষেধাজ্ঞা, বিধিনিষেধ ও শুল্ক প্রয়োগ থেকে অব্যাহতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ অক্টোবর) জারি করা এক নির্বাহী আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত সপ্তাহে রাশিয়ার ডিজেল রপ্তানি পুনরায় চালুর বিষয়ে একটি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, চুক্তির আওতায় মস্কো অবিলম্বে ৩ লাখ মেট্রিক টনের বেশি ডিজেল সরবরাহ করবে, যা প্রায় ২২ লাখ ৫০ হাজার ব্যারেলের সমান। এসব জ্বালানি যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক বাজারে সরবরাহের কথা রয়েছে।

গত মাসে ট্রাম্প স্বাক্ষরিত গ্রাহাম আইনে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার জ্বালানি খাতকে লক্ষ্য করে ব্যাপক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে। তবে এসব ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের পরিপন্থী হলে প্রেসিডেন্ট তা প্রয়োগ থেকে অব্যাহতি দিতে পারবেন। নিষেধাজ্ঞা কার্যকর করা অথবা অব্যাহতির ক্ষমতা প্রয়োগের জন্য ট্রাম্পের সামনে ১৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা ছিল। 

রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের সমালোচনার মধ্যেই এই সিদ্ধান্ত এলো। মঙ্গলবার রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে থাকা এক ডজন সিনেটর ট্রাম্পকে চুক্তিটি বাতিল করে আইনে অনুমোদিত নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান। তাদের মধ্যে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল, থম টিলিস, সুসান কলিন্স, অ্যালান আর্মস্ট্রং, লিসা মুরকোভস্কি ও জন কর্নিনের নাম রয়েছে।

সিনেটরদের যুক্তি, রাশিয়ার ডিজেল বিশ্ববাজারে বিক্রির অনুমতি দিলে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কমানোর ক্ষেত্রে খুব বেশি সুফল নাও আসতে পারে। অন্যদিকে, এ বিক্রি থেকে পাওয়া অর্থ ইউক্রেনে যুদ্ধ পরিচালনায় ব্যবহার করতে পারে মস্কো। পাশাপাশি চীন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার নিরাপত্তা সহযোগিতা আরও গভীর হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। সিনেটররা তাদের চিঠিতে লিখেছেন, ‘এই চুক্তি আমাদের প্রতিপক্ষকে উপহার দেওয়ার শামিল এবং মিত্রদের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এটি বাতিল করা উচিত।’

অন্যদিকে, ট্রাম্পের বক্তব্য, ডিজেল রপ্তানির চুক্তির লক্ষ্য জ্বালানির দাম কমানো এবং যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজার উভয়ের জন্য সুবিধা তৈরি করা। এর আগে ৯ অক্টোবর রাশিয়ার জ্বালানি বৈশ্বিক বাজারে সরবরাহের সুযোগ দিতে রুশ জ্বালানির ওপর যুক্তরাষ্ট্রের কিছু নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল ট্রাম্প প্রশাসন।

রাশিয়ার জ্বালানি রপ্তানি নিয়ে ওয়াশিংটনের এই সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কোর ওপর অর্থনৈতিক চাপ বজায় রাখার নীতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার প্রচেষ্টার মধ্যে টানাপোড়েনকে সামনে এনেছে।

জেএম
আরও পড়ুন
সর্বশেষপঠিত