ইরানের প্রতিরোধ আন্দোলনের অগ্রভাগে নারী ও কিশোরীরা: খামেনি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫০ এএম

ইরানের প্রতিরোধ আন্দোলনের অগ্রভাগে রয়েছেন নারী ও কিশোরীরা—এমন মন্তব্য করেছেন দেশটির ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। একই সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন এবং নার্সদের পেশাগত মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় নার্স দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন খামেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইমাম আলীর কন্যা ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নাতনি হজরত জয়নাবের জন্মবার্ষিকী উপলক্ষে ইরানে জাতীয় নার্স দিবস পালিত হয়।

বার্তায় ইরানের নারী ও কিশোরীদের ভূমিকার প্রশংসা করে খামেনি বলেন, দেশটির সাম্প্রতিক ইতিহাসের এই বিশেষ সময়ে তাদের ভূমিকা উল্লেখযোগ্য। বিশেষ করে শহর ও গ্রামের বিভিন্ন জনপরিসরে তাদের সক্রিয় উপস্থিতি প্রতিরোধ ও জনসমর্থন গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

তিনি বলেন, ‘আজ ইসলামী ইরানের জয়নাবের আদর্শে অনুপ্রাণিত নারীরা বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে শহর ও গ্রামের চত্বরে সক্রিয় উপস্থিতির মাধ্যমে কঠিন যুদ্ধের সম্মুখসারির পেছনে বাস্তব প্রতিরোধ ও সমর্থনের অগ্রভাগে রয়েছেন।’ খামেনির ভাষ্য, ইরানি জনগণের ওপর দুর্ভোগ, যন্ত্রণা ও দমন-পীড়ন চাপিয়ে দিতে চাওয়া শক্তিগুলো এই বিশাল শক্তির মোকাবিলা করতে নিজেদের সক্ষম মনে করে না।

নার্সদের ‘করুণার ফেরেশতা’ বললেন খামেনি
জাতীয় নার্স দিবস উপলক্ষে দেওয়া বার্তায় নার্সদের মানবিক অবদানের ওপর বিশেষ গুরুত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা। তার মতে, রোগীর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক যন্ত্রণা লাঘব, আশা জাগানো এবং হতাশা দূর করতেও নার্সদের ভূমিকা গুরুত্বপূর্ণ। খামেনি নার্সদের ‘করুণার ফেরেশতা’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, রোগীর পাশে থেকে নার্সরা ধৈর্য, নিষ্ঠা ও ধারাবাহিক সেবার মাধ্যমে অসুস্থ মানুষের মধ্যে স্বস্তি ও সুস্থ হয়ে ওঠার আশা তৈরি করেন।

চিকিৎসকদের পাশাপাশি শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও ত্রাণকর্মীদের কাজের সঙ্গে নার্সদের পেশাকেও জীবন ও আশার উৎস হিসেবে উল্লেখ করেন তিনি। তবে রোগীর শয্যাপাশে দীর্ঘ সময় ধরে নিয়মিত ও নিবিড় সেবা দেওয়ার ক্ষেত্রে নার্সদের দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন খামেনি।

নার্সদের সুযোগ-সুবিধা নিশ্চিতের আহ্বান
ইরানের স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের উদ্দেশে খামেনি বলেন- নার্সদের পেশাগত দক্ষতা, জ্ঞান, কর্মক্ষমতা, উদ্দীপনা ও মর্যাদা সংরক্ষণ এবং উন্নয়নে যথাযথ গুরুত্ব দিতে হবে। বিশেষ করে সরকারি ও অন্যান্য জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের মানসম্মত সেবা দেওয়ার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তার মতে, নার্সদের দক্ষতা ও কর্মপ্রেরণা বাড়ানো গেলে তা সমাজের মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক নিরাপত্তায় ইতিবাচক প্রভাব ফেলবে।

ইরানের ওপর চিকিৎসা ও ওষুধপ্রাপ্তির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে খামেনি বলেন, দেশটির জনগণের ওপর চাপ সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টার মধ্যে নার্সিং পেশাকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতের কর্মকর্তাদের নার্সদের দাবি ও প্রয়োজন পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি।

যুদ্ধে নিহত নার্সদের স্মরণ
বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ওপর চাপিয়ে দেওয়া ১২ দিনের ও ৪০ দিনের যুদ্ধের সময় নার্স ও চিকিৎসাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন খামেনি। এসব সংঘাতে নিহত নার্সদের স্মরণ করেন তিনি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তার বক্তব্যে যুদ্ধকালীন প্রতিরোধে নারী ও কিশোরীদের ভূমিকার পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মীদের অবদানও গুরুত্ব পেয়েছে। তবে নারী ও কিশোরীদের প্রতিরোধে অংশগ্রহণ এবং যুদ্ধের সময় স্বাস্থ্যসেবা খাতের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত স্বাধীন তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

জেএম
আরও পড়ুন