ভারতের গুজরাট রাজ্যের ভারুচ জেলায় একটি রাসায়নিক উৎপাদন কারখানায় বিস্ফোরণে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার কর্মকর্তারা জানান, শুক্রবার রাত প্রায় ১০টার দিকে ভারুচের ভাগরা তালুকের সায়খা শিল্প এলাকায় অবস্থিত সিনজিল ফার্মাকেম কারখানায় এ দুর্ঘটনা ঘটে। কারখানাটিতে হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণ ঘটে। এতে বিষাক্ত মিথিলিন ডাইক্লোরাইড (এমডিসি) গ্যাস ছড়িয়ে পড়ে।
ভারুচের মহকুমা ম্যাজিস্ট্রেট মনীষা মানানি জানান, মাত্র এক বছর আগে প্রতিষ্ঠিত কারখানাটিতে ওষুধ তৈরির কাঁচামাল উৎপাদন করা হতো।
তিনি বলেন, বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কারখানার একটি রিঅ্যাক্টর ট্যাংক ছিন্নভিন্ন হয়ে যায়। এতে যন্ত্রপাতির বিভিন্ন অংশ কারখানার চত্বরে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহত পাঁচ শ্রমিক হলেন পবনকুমার রামসিংহ গৌতম, মৌসমকুমার রামসেবক যাদব, শিবদয়াল রামাবতার যাদব, প্রতীক প্রবিন প্রজাপতি ও প্রিয়াংশু বাহাদুরলাল। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিল্প সুরক্ষা ও স্বাস্থ্য অধিদপ্তরের (ডিআইএসএইচ) এক কর্মকর্তা জানান, কারখানায় হাইড্রোজিনেশন প্রক্রিয়া চলার সময় বিস্ফোরণ ঘটে এবং এতে মিথিলিন ডাইক্লোরাইড গ্যাস ছড়িয়ে পড়ে। ঘটনার পর গুজরাট দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, ডিআইএসএইচ ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।
'যুক্তরাষ্ট্রের বোমা নয়, ইরানের ক্ষেপণাস্ত্রই নির্ধারণ করছে ক্ষমতার সমীকরণ'
৭ বছর পর ত্রিদেশীয় টুর্নামেন্টে আজ মাঠে নামছে বাংলাদেশ