সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও ইরানের বাইরে যাবে না: রেজায়ি

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের এক কণাও দেশের বাইরে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে ওয়াশিংটনকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন রেজায়ি। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

বৈঠকে রেজায়ি ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই পারমাণবিক উপাদান দেশের ভেতরেই থাকবে এবং অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করা হবে।

রেজায়ির ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে ইরানের কর্মকর্তা ও জনগণের মধ্যে ঐক্য রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে আস্থা তৈরির জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। ইরানের নির্ধারিত শর্ত পূরণকেই সেই প্রক্রিয়ার সূচনা হিসেবে উল্লেখ করেন তিনি।

বৈঠকে ইরান ও পাকিস্তানের জনগণের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও তুলে ধরেন রেজায়ি।

এদিকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির জানান, ইরান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত আবার খুলে দেওয়া হয়েছে। সীমান্তসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে সীমান্ত পারাপার কার্যক্রম পুনরায় চালু হয়েছে।

মুনির ৪০ দিনের যুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন। একই সঙ্গে বাইরের শক্তির সম্পৃক্ততা ছাড়াই তেহরান ও ইসলামাবাদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সূত্র: মেহের নিউজ এজেন্সি (এমএনএ)

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত