রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উদ্বোধন করেছেন। মস্কোর দাবি, রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনকারী প্রথম সাবমেরিন এটি। আগামী ২০৩০ সালের মধ্যে রুশ নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে দেশটির।
শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিন ‘পার্ম’-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে এ অনুষ্ঠানের দৃশ্য দেখা গেছে। এর মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বে খুব কম দেশই এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণ করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার সক্ষমতা ও গুরুত্ব বৈশ্বিক পর্যায়ে বিস্তৃত।
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে দীর্ঘ সময় পরিচালিত হওয়ার সক্ষমতা এসব সাবমেরিনকে সম্ভাব্য হামলার পর পাল্টা আঘাতের সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়।
পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, যা পার্মের একই শ্রেণির সাবমেরিন। এসব সাবমেরিন বিশ্বের বিভিন্ন সমুদ্রাঞ্চলে পরিচালনা করা সম্ভব এবং এগুলো বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখবে রাশিয়া। শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা সম্পূর্ণভাবে এবং নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: আল-জাজিরা
গাজার ক্লিনিকে ইসরায়েলি হামলা, নিহত ২