খবর সংযোগ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় আল-আহলিল আরব নামের একটি হাসপাতালে ইসরায়েলের ভয়াবহ হামলায় কমপক্ষে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলা জঘন্য অপরাধ অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রনালয় বলেছে, ইসরায়েল যেভাবে গাজার হাসপাতাল, স্কুল ও জনবহুল এলাকায় হামলা করছে এতে সংঘাত ভয়ংকরভাবে বিস্তৃত হচ্ছে। এ ঘটনায় আরও নিন্দা জানিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। একে গণহত্যা অভিহিত করে তিনি বলেন, এই পরিস্থিতিতে কেউ চুপ থাকতে পারে না। এভাবে সাধারণ মানুষকে হত্যা মানবতার জন্য লজ্জাজনক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, ইসরায়েল যে ন্যুনতম মানবিক মূল্যবোধেরও তোয়াক্কা করছে না গাজায় হাসপাতালে হামলা তার সর্বশেষ উদাহরণ। হামলার নিন্দা জানিয়েছে মিসরও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ওপর এভাবে নির্বিচারে হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।
গাজায় হাসপাতালে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বাহিনী নির্বিচার বিমান হামলা চালিয়ে গাজার নিরস্ত্র ও অসহায় মানুষদের হত্যা করছে। জঘন্য এই অপরাধের মাধ্যমে ইহুদী এই রাষ্ট্রটি আরও একবার বিশ্বের সামনে তাদের অমানবিক ও পাশবিকতাকেই তুলে ধরেছে।
গাজার হাসপাতালে হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুস। অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। সূত্র: আলজাজিরা।

