বাহরাইনের একটি সমুদ্র বন্দরে ব্রিটিশ রয়্যাল নেভির দুটি জাহাজের সংঘর্ষ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এইচএমএস চিডিংফোল্ড নামের একট জাহাজ পেছন দিক দিয়ে ভেসে গিয়ে এইচএমএস মুরড নামের জাহাজকে ধাক্কা দিচ্ছে। এতে সংঘর্ষের বিকট শব্দ শোনা যায়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ব্রিটিশ নৌবাহিনীও।
যুক্তরাজ্যের নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ঠেকাতে গালফ অঞ্চলে অবস্থান করছে। সংঘর্ষ হওয়া জাহাজগুলো সমুদ্রে থাকা মাইন শনাক্ত ও সেগুলো পরিষ্কারে সহায়তা করে থাকে।
ব্রিটিশ নৌবাহিনীর অপারেশন্স কমান্ডার রিয়ার অ্যাডমিরাল এডওয়ার্ড আহলগ্রেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে যেন এমন কিছু না হয় সেটি নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন।
সূত্র: রয়টার্স

