বাহরাইনে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম

বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের পাশাপাশি পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা আমেরিকানদের ‘উচ্চমাত্রার সতর্কতা’ অবলম্বনের আহ্বান জানিয়েছে দেশটির দূতাবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, ইরান অতীতে বাহরাইনের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। এর মধ্যে রাজধানী মানামার কয়েকটি হোটেলও রয়েছে।

দূতাবাসের সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের সম্ভাব্য বিমান চলাচল বাতিল, আকাশসীমা বন্ধ এবং ভ্রমণব্যবস্থায় বিঘ্নের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বেড়েছে। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এতে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।

এর আগে ইরান বাহরাইনসহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফলে বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মার্কিন দূতাবাসের সর্বশেষ সতর্কতা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সম্ভাব্য বিস্তার এবং বেসামরিক স্থাপনা ও যোগাযোগব্যবস্থার ওপর এর প্রভাব নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

জেএম
আরও পড়ুন