অভিনব কৌশলে ইসরায়েলি সৈন্যদের ঘরে হিজবুল্লাহর নজরদারি

আপডেট : ১২ জুন ২০২৪, ০২:১৬ এএম

ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির ওপর নজরদারি বজায় রাখছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। জানা গেছে, এক অভিনব কৌশলে ইসরায়েলি সৈন্যদের শোবার ঘরেও নজরদারি করছে হিজবুল্লাহ গোষ্ঠী।

সম্প্রতি আল-জাজিরা টিভি চ্যানেলে হিজবুল্লাহর সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রচারিত হয়েছে। ওই ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, হিজবুল্লাহ দখলদার ইসরায়েলের বেইত হিলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরণের তৎপরতা নজরদারিতে রেখেছে। সৈন্যদের শোবার ঘরে খোঁজ-খবরও হিজবুল্লাহর কাছে রয়েছে।

হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের ছবিও প্রকাশ করেছে। হিজবুল্লাহর ড্রোনগুলো নিয়মিত এসব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে। এর ফলে হিজবুল্লাহ জানতে পারছে, কখন ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হচ্ছে এবং কখন ঘাঁটিতে ঢুকছে। ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর যাতায়াত সম্পর্কেও হিজবুল্লাহ সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এসব তথ্যের ভিত্তিতেই তারা সফল হামলা চালিয়েছে এবং চালাচ্ছে। 

এদিকে, হিজবুল্লাহ সম্প্রতি নতুন আত্মঘাতী ড্রোন উদ্বোধন করেছে। এই ড্রোনে দুটি সাম-৫ ক্ষেপণাস্ত্র থাকে। এছাড়া, নতুন ড্রোন একই সময়ে তিনটি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব ড্রোনে ক্যামেরা বসানো রয়েছে, এর ফলে হামলার পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে। হিজবুল্লাহর আলমাস ক্ষেপণাস্ত্রেও একই প্রযুক্তি রয়েছে। এ কারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো হিজবুল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। সূত্র: মিডলইস্ট মনিটর।

 

 

 

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত