ট্রাম্পের হুমকির পর 

যুক্তরাষ্ট্রের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো ইরান

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘ভয়াবহ হামলার’ হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (৭ এপ্রিল) তেহরানে এক জরুরি সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই কঠোর সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বিশ্ব বাণিজ্যের প্রাণকেন্দ্র ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া চূড়ান্ত সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে ইরানে বড় ধরনের সামরিক ধ্বংসযজ্ঞের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, আজ রাতেই একটি গোটা সভ্যতার মৃত্যু হতে পারে, যা আর কোনোদিন ফিরে আসবে না।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই চরম হুঁশিয়ারি দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ট্রাম্প তার পোস্টে লেখেন, আজ রাতে একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরিয়ে আনা যাবে না। আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত তাই ঘটবে।

তবে ধ্বংসের হুমকির পাশাপাশি তিনি ইরানে একটি আমূল পরিবর্তনের আশাবাদও ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, এখন যেহেতু আমরা ইরানে একটি সার্বিক শাসনব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, বুদ্ধিমান এবং কম উগ্রপন্থী মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো বৈপ্লবিকভাবে চমৎকার কিছু ঘটতে পারে।

ইরানের ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও যোগ করেন, কে জানে? আমরা আজ রাতেই তা জানতে পারব। এটি হবে বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। আজ রাতেই ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি এবং মৃত্যুর অবসান ঘটবে। ইরানের মহান জনগণের মঙ্গল হোক!

AHA
আরও পড়ুন