ট্রাম্পকে সরানোর দাবি এমপি আনসারীর

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম

ইরানের বিরুদ্ধে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের জেরে মার্কিন প্রশাসনে বড় ধরণের অস্থিরতা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে ‘২৫তম সংশোধনী’ কার্যকরের দাবি তোলার পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারী।

মঙ্গলবার (৭ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়াসমিন আনসারী বলেন, `প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধকে উসকে দিচ্ছেন। তিনি ইরানে গণহারে যুদ্ধাপরাধ এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তাঁর বাগাড়ম্বর সব সীমা অতিক্রম করেছে।' তিনি আরও দাবি করেন, এই ধ্বংসাত্মক প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সরাসরি সহযোগী হিসেবে কাজ করছেন।

আনসারী জানান, তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে ‘আর্টিকেলস অফ ইমপিচমেন্ট’ বা অভিশংসন প্রস্তাব উত্থাপন করছেন। একই সাথে তিনি ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য ‘অযোগ্য’ ঘোষণা করে সংবিধানের ২৫তম সংশোধনী (যা শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে প্রেসিডেন্টকে সরানোর নিয়ম) বিবেচনার জন্য মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইয়াসমিন আনসারী শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধনীতির কড়া সমালোচনা করে আসছেন। কংগ্রেসে তিনি এই যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠস্বর হিসেবে পরিচিত। বর্তমানে যখন যুক্তরাষ্ট্র ইরানি অবকাঠামোতে হামলার তীব্রতা বাড়ানোর হুমকি দিচ্ছে, তখন আনসারীর এই পদক্ষেপ ওয়াশিংটনের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করতে পারে।

বিশ্লেষকরা বলছেন, যদিও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে এই প্রস্তাব পাস হওয়া কঠিন, তবে এটি ট্রাম্পের ওপর এক ধরণের বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে।

NB
আরও পড়ুন