ইরানকে ঘিরে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতায় জ্বালানি সরবরাহে সৃষ্ট সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন (১ হাজার কোটি) ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই মেগা প্রকল্প হাতে নিয়েছে দেশটি।
বুধবার (১৫ এপ্রিল) এশিয়ার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই নতুন সহযোগিতা কাঠামোর ঘোষণা দেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এশিয়ার দেশগুলোর সঙ্গে জাপান সরবরাহ চেইনের মাধ্যমে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং আমরা পারস্পরিকভাবে একে অপরের ওপর নির্ভরশীল।’
হরমুজ প্রণালিতে নৌ-চলাচল বাধাগ্রস্ত হওয়ায় এশিয়া বর্তমানে জ্বালানি ঝুঁকিতে রয়েছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত তেল ও গ্যাসের প্রায় ৯০ শতাংশই এশিয়ার দেশগুলোর জন্য নির্ধারিত। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ১০ বিলিয়ন ডলারের সহায়তা আসিয়ানভুক্ত দেশগুলোর প্রায় এক বছরের তেল আমদানির ব্যয়ের সমান।
প্রকল্পের অর্থায়ন আসবে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (JBIC), জাইকা (JICA) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) মতো সংস্থা থেকে। প্রধানমন্ত্রী তাকাইচি নিশ্চিত করেছেন যে, এই বড় অংকের সহায়তা জাপানের অভ্যন্তরীণ জ্বালানি মজুতে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
বৈঠকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়রসহ বাংলাদেশ, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার নেতারা জাপানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। উল্লেখ্য, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাবে ইতোমধ্যে ফিলিপাইন জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং বিভিন্ন দেশে জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। সূত্র : বিবিসি
প্রথমবারের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করলো জাপান
হরমুজ পাড়ি দিলো ইরানের সুপার ট্যাংকার
তেলের দাম নিয়ন্ত্রণে জরুরি মজুদ ছাড়লো জাপান