ইসরায়েলকে জাতিসংঘ থেকে বরখাস্তের দাবি তুরস্কের স্পিকারের

আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড বিল পাসের প্রস্তাবের তীব্র সমালোচনা করে ইসরায়েলকে জাতিসংঘ থেকে সাময়িক বরখাস্ত করার জোরালো আহ্বান জানিয়েছেন তুরস্কের পার্লামেন্ট স্পিকার নুমান কুর্তুলমুস। ইস্তাম্বুলে আয়োজিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৫২তম সাধারণ সভায় দেওয়া ভাষণে তিনি এই দাবি জানান।

বক্তব্যে কুর্তুলমুস বর্ণবাদবিরোধী আন্দোলনের সময় দক্ষিণ আফ্রিকার ওপর আরোপিত নিষেধাজ্ঞার উদাহরণ টেনে বলেন, ‘১৯৭৪ সালে বর্ণবাদের দায়ে যেভাবে দক্ষিণ আফ্রিকার সদস্যপদ স্থগিত করা হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও বর্তমান প্রেক্ষাপটে একই পদক্ষেপ নেওয়া উচিত।’ 

তিনি প্রশ্ন তোলেন, একই ভূখণ্ডে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের জন্য পৃথক আইন কার্যকর করা কি বর্ণবাদ নয়?

তুর্কি স্পিকার অভিযোগ করেন, জাতিসংঘ বর্তমানে কেবল ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ইচ্ছানুযায়ী পরিচালিত হচ্ছে এবং গাজা সংঘাতসহ আন্তর্জাতিক সহিংসতা বন্ধে এই সংস্থা পুরোপুরি ব্যর্থ হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সব রাষ্ট্রের সমান অধিকার নিশ্চিত করার দাবি জানান। সেই সঙ্গে ইসরায়েলের কার্যক্রম উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের শত্রুতা উসকে দিতে পারে বলেও তিনি সতর্ক করেন। ইস্তাম্বুলে  ১৫-১৯ এপ্রিল অনুষ্ঠিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত