ইন্দোনেশিয়ার জাভা সাগরে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ১০৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও আরও ১৩০ জন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভির্গো ট্রান্সপোর্ট ৮ (Virgo Transport 8) নামের ফেরিটি খারাপ আবহাওয়ার মধ্যে দুর্ঘটনায় পড়ে।
শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩৩ মিনিটে সুরাবায়া থেকে ছেড়ে এটি দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। রোববার রাত প্রায় ২টার দিকে বানজারমাসিন থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণে ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। দুর্ঘটনার প্রাথমিক সংকেত পাওয়া যায় ভোর ৪টা ১০ মিনিটে।
ফেরিটিতে ২১৩ জন যাত্রী ও ৩০ জন ক্রু ছিলেন। ১১৯ মিটার (৩৯০ ফুট) দীর্ঘ জাহাজটির নিখোঁজ যাত্রীদের উদ্ধারে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা, নৌবাহিনী, সামুদ্রিক পুলিশসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি যৌথ টাস্কফোর্স গঠন করা হয়েছে। ঘটনাস্থলে জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। প্রায় ২৮০ জন উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন। জাভা সাগরে থাকা অন্যান্য জাহাজকেও নিখোঁজ যাত্রীদের কোনো সন্ধান পাওয়া গেলে তা জানানোর জন্য সতর্ক করা হয়েছে।
স্বজনদের অপেক্ষা
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বানজারমাসিনের ত্রিসক্তি বন্দরে স্বজনেরা ভিড় করেন। স্থানীয় বাসিন্দা রুসমিলাওয়াতি তাঁর আট আত্মীয়ের খোঁজে বন্দরে যান। তারা জাভায় কয়েকজন ইসলামি আলেমের মাজার জিয়ারত শেষে বানজারমাসিনে ফিরছিলেন।
রুসমিলাওয়াতি জানান, তাঁর স্বজনদের একজন দুর্ঘটনার আগে হোয়াটসঅ্যাপে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “ঢেউগুলো সত্যিই ভয়ংকর লাগছে।” এরপর আর পরিবারের সঙ্গে যোগাযোগ হয়নি।
অন্যদিকে স্বামী আহমাদ সুপান্দি বেঁচে আছেন জানতে পেরে স্বস্তিতে কান্নায় ভেঙে পড়েন মিসনাহ। পেশায় পণ্যবাহী ট্রাকের চালক আহমাদ ফেরিটিতে ছিলেন এবং পরে এমভি হাইডা নামের একটি জাহাজ তাঁকে উদ্ধার করে।
ইন্দোনেশিয়ায় ফেরি দুর্ঘটনা
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় দ্বীপগুলোর মধ্যে যাতায়াতে ফেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দেশটিতে নৌযান দুর্ঘটনাও নিয়মিত ঘটে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ায় ১১১টি জাহাজ দুর্ঘটনা নথিভুক্ত হয়েছে।
এর আগে জুলাইয়ে দক্ষিণ সুলাওয়েসির সেলায়ের দ্বীপপুঞ্জের কাছে কেএম নুরুল সালসা ডুবে যায়। ওই ঘটনায় ৫৮ জন বেঁচে গেলেও তিনজনের মৃত্যু হয় এবং আরও ১৪ জনের সন্ধান পাওয়া যায়নি।
জাভা সাগরের সর্বশেষ এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
যুদ্ধ ইরানকে শক্তিশালী করছে: মার্কিন সিনেটর
হরমুজে মার্কিন নৌ অবরোধ: ১০১ বাণিজ্যিক জাহাজের গতিপথ বদল