গাজার উদ্দেশে আবারও যাত্রা করবে ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ এএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় সাহায্য পৌঁছানোর জন্য ‘গ্লোবাল সুমুদ’ অ্যাড ফ্লোটিলা আবার যাত্রা শুরু করবে। আগামী ২৯ মার্চ বার্সেলোনা থেকে এ যাত্রা শুরু হবে। এবারের যাত্রায় আন্তর্জাতিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়েছে। ‘এই মিশনে প্রায় ১০০টি নৌযান এবং এক হাজার প্রতিনিধি অংশ নেবেন বলে জানানো হয়েছে।’ 

গত বছর একই ধরনের একটি অভিযানে অংশ নেওয়া নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা জানান, এই অভিযানে চিকিৎসক এবং যুদ্ধাপরাধ তদন্তকারীরাও অন্তর্ভুক্ত থাকবেন। সমুদ্রপথের এই যাত্রার পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলো দিয়ে একটি স্থলপথের কনভয়ও পরিচালিত হবে, যাতে হাজার হাজার সমর্থক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, গত অক্টোবরে ইসরাইলি সামরিক বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪০টি নৌকা জব্দ করেছিল এবং মান্ডলা ম্যান্ডেলা ও গ্রেটা থুনবার্গের মতো পরিচিত মুখসহ প্রায় ৪৫০ জন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করেছিল। যদিও ইসরাইলি কর্মকর্তারা এই ধরনের উদ্যোগকে প্রচারণার কৌশল হিসেবে গণ্য করেন, তবে আয়োজকদের দাবি তারা গাজার ওপর আরোপিত 'অবৈধ' অবরোধ ভাঙতে এবং আন্তর্জাতিক সমুদ্রসীমার অধিকার রক্ষায় কাজ করছেন।

বর্তমানে গাজায় যুদ্ধবিরতি চললেও জাতিসংঘের মতে সেখানে মানবিক সহায়তার পরিমাণ চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। এমন পরিস্থিতিতে অ্যাক্টিভিস্ট সুসান আবদুল্লাহ জানান, যদিও তারা আগেরবার শারীরিকভাবে গাজায় পৌঁছাতে পারেননি, কিন্তু তাদের এই প্রচেষ্টা গাজাবাসীকে বার্তা দিয়েছে যে বিশ্ব তাদের পাশে আছে। আসন্ন মিশনে আবারও বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকলেও তারা ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর নজরে আনতে এবং অবরোধ ভাঙতে অবিচল থাকবেন বলে জানিয়েছেন।

সূত্র: আল জাজিরা।

AHA
আরও পড়ুন