শত্রু দমন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে হরমুজ প্রণালী: আইআরজিসি

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ০১:৩৪ পিএম

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ ‘হরমুজ প্রণালী’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির অভিজাত বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে, শত্রুপক্ষ বা পশ্চিমা দেশগুলোর ওপর ‘পর্যাপ্ত চাপ’ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই রুট দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

গতকাল সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এই হুঁশিয়ারি দেন আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি। তিনি সতর্ক করে বলেন, এই অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হবে।

জেনারেল জাবারি তাঁর ভাষণে বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি ৮১ ডলারে রয়েছে। কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববাসী দেখবে এই দাম ২০০ ডলারে পৌঁছে গেছে। কারণ, আমরা হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছি।’

তিনি আরও জানান, কোনো জাহাজ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে প্রণালীটি অতিক্রমের চেষ্টা করে, তবে আইআরজিসির নৌ ও স্থলবাহিনীর সদস্যরা সরাসরি সেই জাহাজ লক্ষ্য করে গুলি চালাবে।

ইরানি এই কমান্ডার আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা কেবল জলপথই নয়, এই অঞ্চলের সমস্ত তেলের পাইপলাইনগুলোকেও হামলার লক্ষ্যবস্তু বানাব। মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও আমরা বাইরে যেতে দেব না। যতক্ষণ না শত্রুরা আমাদের দাবি মেনে নিতে বাধ্য হচ্ছে, ততক্ষণ এই অবরোধ চলবে।’

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে জেনারেল জাবারি বলেন, ‘আমেরিকা বর্তমানে হাজার হাজার কোটি ডলার ঋণের বোঝায় জর্জরিত এবং তারা এই অঞ্চলের তেলের জন্য হাহাকার করছে। কিন্তু আমরা নিশ্চিত করব যাতে তারা এক ফোঁটা তেলও না পায়।’

পারস্য উপসাগর ও আরব সাগরের সংযোগস্থল এই হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য লাইফলাইন হিসেবে পরিচিত। বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় ২০ শতাংশ এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) বড় একটি অংশ এই রুট দিয়ে পরিবহন করা হয়। এই জলপথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

DR/SN
আরও পড়ুন