এসি কোচে আসনবিহীন যাত্রী ভ্রমণে নিষেধাজ্ঞা

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ পিএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রায় এসি কোচ ও প্রথম শ্রেণির আসনে কোনোভাবেই আসনবিহীন বা ‘দাঁড়ানো’ যাত্রী বহন না করার কঠোর নির্দেশ দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তবে সাধারণ মানুষের সুবিধার্থে নন-এসি কোচে আগের মতোই মোট আসনের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়ার টিকিট’ বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদযাত্রা উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এই নির্দেশনা দেন। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সভায় রেলপথ মন্ত্রী বলেন, ‘ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। কোনোভাবেই এসি বা প্রথম শ্রেণির কোচে আসনবিহীন যাত্রী প্রবেশ করতে দেওয়া হবে না। টিকিট কালোবাজারি রোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাতে টিকিটবিহীন কোনো যাত্রী প্রবেশ করতে না পারে, সে জন্য কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া কোনো ট্রেনের যাত্রা বিলম্বিত হলে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি কমাতে বসার আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা। সভায় নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে রেলওয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

NB/FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত