ইরানি বোমারু বিমান ভূপাতিত করলো কাতার!

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৭ পিএম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় সামরিক ঘাঁটি এবং কাতারের প্রধান জ্বালানি স্থাপনায় হামলার লক্ষ্যে ধেয়ে আসা দুটি ইরানি বোমারু বিমান ভূপাতিত করেছে কাতারি বিমানবাহিনী। লক্ষ্যবস্তুর মাত্র দুই মিনিটের দূরত্বে থাকাকালীন কাতার এই সাহসিকতাপূর্ণ পদক্ষেপ নেয়। এই প্রথম কোনো অভিযানে কাতারের বিমানবাহিনী সরাসরি আকাশযুদ্ধে লিপ্ত হলো।

সিএনএন-এর তথ্য অনুযায়ী, গত সোমবার (২ মার্চ) সকালে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুটি সোভিয়েত আমলের 'Su-24' ট্যাক্টিক্যাল বোমারু বিমান কাতারের দিকে পাঠায়। এদের লক্ষ্য ছিল ১০ হাজার মার্কিন সৈন্য অধ্যুষিত আল-উদিদ বিমান ঘাঁটি এবং কাতারের অর্থনীতির প্রাণকেন্দ্র রাস লাফান গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র।

সূত্র জানিয়েছে, রাডার ফাঁকি দিতে ইরানি বিমানগুলো মাত্র ৮০ ফুট উচ্চতা দিয়ে উড়ছিল। কাতার রেডিওর মাধ্যমে সতর্কবার্তা দিলেও ইরানি পাইলটদের কোনো সাড়া মেলেনি। পরিস্থিতি বেগতিক দেখে কাতার তাৎক্ষণিকভাবে তাদের F-15 যুদ্ধবিমানগুলো পাঠায়। কাতারি ফাইটার জেটের নিখুঁত নিশানায় লক্ষ্যবস্তুর মাত্র দুই মিনিট দূরে থাকাকালীন বোমারু বিমান দুটি ভূপাতিত হয় এবং কাতারের জলসীমায় আছড়ে পড়ে।

মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন গত বুধবার এক ব্রিফিংয়ে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কাতারি বাহিনীর প্রশংসা করেন। অন্যদিকে, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি এই ঘটনাকে অত্যন্ত 'উস্কানিমূলক' বলে অভিহিত করেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক ফোনালাপে তিনি বলেন, ‘ইরান শান্তি চায় না, বরং তারা প্রতিবেশীদের এমন এক যুদ্ধে টেনে আনতে চায় যা তাদের নয়।’

ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এটিই ছিল ইরানের প্রথম সরাসরি মানবচালিত বিমান হামলা। এর আগে তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন আরব দেশে হামলা চালিয়েছে।

NB
আরও পড়ুন