‘যুদ্ধ চাইনি, কিন্ত আগ্রাসনের কারণে আত্মরক্ষায় বাধ্য হয়েছি’

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরান আত্মরক্ষামূলক অবস্থানে যেতে বাধ্য হয়েছে তবে ইরান আঞ্চলিক দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক বার্তায় তিনি আঞ্চলিক দেশগুলোর নেতাদের উদ্দেশে বলেন, ইরান কূটনৈতিকভাবে যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল।

প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বন্ধুপ্রতীম ও প্রতিবেশী দেশগুলোর সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আপনাদের সহায়তা এবং কূটনীতির মাধ্যমে যুদ্ধ এড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছি।’

তিনি উল্লেখ করেন, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে ইরানের সামনে আত্মরক্ষা ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের পাল্টা আঘাত কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়। বরং ইরান সব সময় আঞ্চলিক দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে।

বার্তায় তিনি আঞ্চলিক সংহতির আহ্বান জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব এই অঞ্চলের দেশগুলোরই।

উল্লেখ্য, বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে ইরানের হামলার পর কয়েকটি প্রতিবেশী দেশ প্রতিবাদ জানিয়েছে। সেই প্রেক্ষাপটেই প্রেসিডেন্টের এই বার্তা এসেছে।

ইরান দাবি করছে, তাদের এসব হামলা আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ, যার মাধ্যমে হামলাকারী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

AHA
আরও পড়ুন