লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ছত্রীসেনা নামিয়ে ইসরায়েলি বাহিনীর একটি বিশেষ স্থল অভিযান ব্যর্থ করে দিয়েছে হিজবুল্লাহ ও স্থানীয় বাসিন্দারা। এই ব্যর্থতার পর ওই এলাকায় ইসরায়েলের চালানো ব্যাপক বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ও নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, গভীর রাতে হেলিকপ্টার ব্যবহার করে বেকা উপত্যকার ‘নবী চিত’ শহরে ছত্রীসেনা নামায় ইসরায়েল। সেনারা লোকালয়ে প্রবেশের চেষ্টা করলে হিজবুল্লাহ যোদ্ধা ও সশস্ত্র স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে ইসরায়েলি সেনারা পিছু হটে হেলিকপ্টারে করে এলাকা ত্যাগ করতে বাধ্য হয়।
স্থল অভিযান ব্যর্থ হওয়ার পরপরই নবী চিত ও এর আশপাশের জনপদে ভয়াবহ বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত ২৪ ঘণ্টায় এসব হামলায় ১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে লেবানন সেনাবাহিনীর তিন সদস্যও রয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর এই সংঘাত এখন পুরো লেবাননে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে তারা এই অভিযান পরিচালনা করছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত কয়েক দিনে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ভয়াবহ পরিস্থিতির মুখে প্রায় তিন লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। বাস্তুচ্যুত এসব মানুষের এক-তৃতীয়াংশ সরকারি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেলেও বাকিরা চরম মানবেতর জীবনযাপন করছেন।
দুবাই বিমানবন্দরে আংশিক ফ্লাইট চালু
হামলায় ইরানের ৬,৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
