নির্বাচিত হলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, নাম অপ্রকাশিত

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:২৮ পিএম

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সদস্যরা।

রোববার (৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ–এর বরাতে জানায়, খুজেস্তান প্রদেশের প্রতিনিধিত্বকারী নির্বাচন প্রতিনিধিদলের সদস্য মোহসেন হায়দারি বলেছেন, বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনের ভিত্তিতে সবচেয়ে উপযুক্ত প্রার্থীকে বাছাই করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়া সদস্যরা দীর্ঘ আলোচনার পর একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে চূড়ান্ত নাম ঘোষণার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রক্রিয়া বাকি রয়েছে।

এদিকে ইরানের আরেক সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত একটি ভিডিওতে প্রতিনিধিদলের আরেক সদস্য মোহাম্মদ মেহেদী মীরবাঘেরি একই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে একটি দৃঢ় সিদ্ধান্তে পৌঁছেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়। এরপর থেকেই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে ইরানের প্রভাবশালী প্রতিষ্ঠান অ্যাসেম্বলি অব এক্সপার্টস।

এই পরিষদই সংবিধান অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন এবং প্রয়োজনে তাকে অপসারণের ক্ষমতা রাখে। খামেনির মৃত্যুর পর জরুরি ভিত্তিতে পরিষদের সদস্যদের মধ্যে আলোচনা শুরু হয় এবং সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে ব্যাপক আলোচনা চলতে থাকে।

ইরানের রাজনৈতিক ও ধর্মীয় মহলে কয়েকজন প্রভাবশালী আলেম ও নেতার নাম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছে। এর মধ্যে অন্যতম আলোচিত নাম হলো খামেনির ছেলে মোজতবা খামেনি। তবে তাকে নিয়ে দেশটির ভেতরে ও বাইরে নানা ধরনের বিতর্কও রয়েছে।

সূত্র: আল জাজিরা

AS/AHA
আরও পড়ুন