নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার শপথ ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করার শপথ নিয়েছে ইরানের প্রভাবশালী ও অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। 

রোববার (১৫ মার্চ) তেহরান থেকে আইআরজিসির নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’ এবং দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এই চাঞ্চল্যকর ঘোষণা দেয়।

বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী’ ও ‘জায়নবাদী অপরাধী’ হিসেবে অভিহিত করে বলা হয়, ‘এই অপরাধী যতদিন বেঁচে থাকবে, ততদিন আমরা আমাদের পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যা করব। এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অভিযান থামবে না।’

আইআরজিসি আরও স্পষ্ট করে জানিয়েছে, নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অভিযানে তারা কোনোভাবেই পিছু হটবে না এবং এটি এখন তাদের প্রধান সামরিক লক্ষ্য। 

আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি ও এএফপি জানিয়েছে, ইরানের শীর্ষ নেতৃত্বের ওপর সাম্প্রতিক হামলার বদলা নিতেই তেহরান সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এই চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

এই হুমকির পর বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা কয়েকগুণ জোরদার করা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়েছে। সূত্র: এপি ও এএফপি

FJ
আরও পড়ুন