মৃত্যুর খবরের মাঝেই মোজতবা খামেনির ‘রহস্যময়’ ঈদ বার্তা

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:৩৪ এএম

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে পরিচিত মোজতবা খামেনিকে ঘিরে তৈরি হওয়া রহস্য আরও ঘনীভূত হলো। তার মৃত্যুর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোরালো দাবির মধ্যেই পবিত্র ঈদুল ফিতর ও ফার্সি নববর্ষ ‘নওরোজ’ উপলক্ষে মোজতবা খামেনির একটি লিখিত বার্তা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘এ বছর আধ্যাত্মিকতার বসন্ত (ঈদুল ফিতর) এবং প্রকৃতির বসন্ত (নওরোজ) একই সময়ে এসেছে। আমি এই দ্বৈত উৎসবে দেশের প্রতিটি মানুষ ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

বার্তায় তিনি গত জানুয়ারিতে ইরানে হয়ে যাওয়া সরকারবিরোধী বিক্ষোভকে একটি ‘চাপিয়ে দেওয়া অভ্যুত্থান’ হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেন, অর্থনৈতিক সমস্যার দোহাই দিয়ে এই অস্থিরতা দেশের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া নতুন সৌর বছরকে তিনি ‘জাতীয় ঐক্য ও নিরাপত্তার নিরিখে প্রতিরোধ অর্থনীতির বছর’ হিসেবে ঘোষণা করেছেন।

ইরান সরকার মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে প্রচার করলেও এখন পর্যন্ত তার কোনো দৃশ্যমান উপস্থিতি বা ভিডিও বার্তা পাওয়া যায়নি। খোদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে যে, মোজতবা খামেনি ইতোমধ্যে মারা গেছেন। এমন পরিস্থিতিতে কেবল ‘লিখিত বার্তা’ প্রকাশ করায় জনমনে জল্পনা আরও বাড়ছে।

বিশ্লেষকদের মতে, যদি তিনি সত্যিই সুস্থ থাকতেন, তবে এমন গুরুত্বপূর্ণ সময়ে জাতির সামনে তার উপস্থিত হওয়া জরুরি ছিল। তার দীর্ঘ অনুপস্থিতি এবং কেবল কাগজের ওপর বিবৃতি প্রচার করায় ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

NB/AHA
আরও পড়ুন