সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হঠাৎ শুরু হওয়া ব্যাপক বৃষ্টি ও বজ্রপাতে জনজীবনে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি।
সোমবার (২৩ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই ভারী বর্ষণের ফলে শহরজুড়ে উচ্চ সতর্কতা বা ‘হাই অ্যালার্ট’ জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গত কয়েকদিনের তীব্র গরমের পর এই বৃষ্টি মরুদেশটিতে অনেকটা জরুরি হয়ে পড়েছিল। তবে বৃষ্টির তীব্রতা বেশি হওয়ায় আবুধাবি পুলিশ এবং সিভিল ডিফেন্স নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে।
আবুধাবি পুলিশ সাধারণ মানুষকে চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় এবং দৃশ্যমানতা কমে আসায় দুর্ঘটনা এড়াতে গাড়ির গতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কের বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ডে প্রদর্শিত গতির নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
আবুধাবির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, ভারী বৃষ্টির ফলে নিচু অঞ্চল এবং উপত্যকাগুলোতে হঠাৎ বন্যার সৃষ্টি হতে পারে। এ কারণে সাধারণ মানুষকে আপাতত নিচু এলাকা থেকে দূরে থাকার এবং অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রকৃতির এই রুদ্র রূপের মাঝে কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলগুলো সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। আবুধাবির পাশাপাশি আমিরাতের অন্যান্য আমিরাতেও আংশিক বৃষ্টির খবর পাওয়া গেছে।
সূত্র: গালফ নিউজ
দক্ষিণ কোরিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৪
উপসাগরীয় বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ইরানের
