ইরানে ড্রোন সরবরাহ করছে রাশিয়া? মুখ খুলল মস্কো

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৮:২৩ এএম

ইরানকে ঘিরে চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার ভূমিকা নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানে রাশিয়ার ড্রোন সরবরাহের খবর প্রকাশিত হলেও, মস্কো সরাসরি তা অস্বীকার করেছে। একই সময়ে যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাশিয়ার বিপুল আর্থিক লাভের তথ্যও সামনে এসেছে।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরানে ড্রোন সরবরাহ করার খবরকে ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। ক্রেমলিন জানিয়েছে, এসব দাবি ভিত্তিহীন এবং জনগণকে এ ধরনের তথ্যের প্রতি গুরুত্ব না দেয়ার আহ্বান জানিয়েছে।

মস্কোর একজন মুখপাত্র বলেন, গণমাধ্যমে ‘অনেক মিথ্যা খবর ছাপা হচ্ছে’ এবং এগুলোর দিকে ‘কোনও মনোযোগ দেয়ার প্রয়োজন নেই’।

মূলত মস্কোর এই প্রতিক্রিয়া এসেছে পশ্চিমা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি প্রতিবেদনের পর। সেসব প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ধাপে ধাপে ইরানে ড্রোন, ওষুধ এবং খাদ্য পাঠানোর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে ‘অটল সমর্থন’ দেয়ার কথা বলেছিলেন। তবে তিনি প্রকাশ্যে দাবি করে আসছেন, ইরানকে কোনও সামরিক সহায়তা দেওয়া হয়নি। যদিও বিভিন্ন প্রতিবেদনে এর ভিন্ন তথ্য উঠে এসেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ইরান যুদ্ধের কারণে রুশ তেলের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিদিন অন্তত ৭৬০ মিলিয়ন ডলার আয় করছে মস্কো।

কিয়েভ স্কুল অব ইকোনমিকস (কেএসই) ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, তেল ও গ্যাস বিক্রি থেকে ক্রেমলিনের আয় এই মাসে প্রায় ১২ বিলিয়ন ডলার থেকে বেড়ে প্রায় ২৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আর এটি জ্বালানির দামের বড় উল্লম্ফনের ফল।

NB
আরও পড়ুন