দক্ষিণ লেবাননের লিটানি নদীর দিকে অগ্রসরমান ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপর বড় ধরণের পাল্টা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
স্থানীয় সময় শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাত থেকে লেবানন সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করার কথা জানিয়েছে সংগঠনটি।
হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, মারজায়ুন জেলার আল-কান্তারা শহরের একটি জলাধারের কাছে অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর দুটি অত্যাধুনিক ‘মারকভা’ ট্যাংক লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। এছাড়া তাইবেহ শহরের কাছে লিটানি নদীর অভিমুখে এগিয়ে আসা ইসরায়েলি সেনাদের ওপর রকেট, কামানের গোলা এবং ড্রোন ব্যবহার করে একযোগে আক্রমণ চালানো হয়েছে।
সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের লিটানি নদী পর্যন্ত এলাকা দখল করে একটি ‘বাফার জোন’ বা নিরাপত্তা অঞ্চল তৈরির ঘোষণা দিয়েছিলেন। ইসরায়েলের দাবি, উত্তর ইসরায়েলের নাগরিকদের হিজবুল্লাহর আক্রমণ থেকে রক্ষা করতে লেবাননের ভেতরে এই অঞ্চল গঠন করা জরুরি। তবে হিজবুল্লাহর এই তীব্র প্রতিরোধের ফলে সীমান্ত সংঘাত এখন আরও রক্তক্ষয়ী রূপ নিয়েছে।
হিজবুল্লাহর দাবি অনুযায়ী, তাদের এই অতর্কিত হামলায় ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা সাময়িকভাবে বাধাগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
পুরো মধ্যপ্রাচ্য যখন ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের উত্তাপে কাঁপছে, ঠিক সেই সময়ে লেবানন সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলের এই মুখোমুখি লড়াই সংঘাতকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে।
সৌদির বিমান ঘাঁটিতে হামলা, আহত ১২ মার্কিন সেনা
তেল আবিবের ১১ স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতি
