মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। সোমবার (৩০ মার্চ) কুয়েতি কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে, এই হামলায় একজন ভারতীয় কর্মী নিহত হয়েছেন এবং প্ল্যান্টের একটি পরিষেবা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানি আগ্রাসনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। হামলার পরপরই কারিগরি ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্ল্যান্টের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত এক মাস ধরে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রভাবে কুয়েত বারবার হামলার শিকার হচ্ছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার সন্ধ্যায় কুয়েতি আকাশসীমায় ১৪টি মিসাইল এবং ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন একটি সামরিক ক্যাম্পে আঘাত হানে, যেখানে ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত ২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যার মধ্যে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং অনেক শীর্ষ কর্মকর্তা রয়েছেন। এর জবাবে ইরানও ইসরায়েল এবং মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে। বর্তমানে ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ 'হরমুজ প্রণালি' কার্যত বন্ধ করে দিয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং অস্থিরতা ছড়িয়ে পড়েছে।
৫ ড্রোন ভূপাতিতের দাবি কুয়েতের
