ইরানের গোপন সামরিক উৎপাদনকেন্দ্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কখনই পৌঁছাতে পারবে না এমন দাবি করে কঠোর বার্তা দিয়েছে দেশটির শীর্ষ সামরিক কমান্ড। একই সঙ্গে শত্রুপক্ষের ‘চূড়ান্ত আত্মসমর্পণ’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে।
ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তর-এর এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তাদের সামরিক শক্তি ও সরঞ্জাম সম্পর্কে প্রতিপক্ষের তথ্য ‘অসম্পূর্ণ’ এবং বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তার ভাষায়, ইরানের প্রকৃত সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা সীমিত এবং বিভ্রান্তিকর।
ইরানি আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম-এ প্রচারিত ওই বিবৃতিতে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করছে তারা ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দীর্ঘপাল্লার আক্রমণাত্মক ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ধ্বংস করেছে যা সম্পূর্ণ ভুল ধারণা।
মুখপাত্র আরও বলেন, ইরানের কৌশলগত সামরিক উৎপাদন এমন সব গোপন স্থানে পরিচালিত হয়, যেগুলোর অবস্থান সম্পর্কে প্রতিপক্ষের কোনো ধারণা নেই এবং ভবিষ্যতেও সেখানে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হবে না। এ পর্যন্ত যেসব স্থাপনায় হামলা হয়েছে, সেগুলোকে ‘তুচ্ছ’ বলেও উল্লেখ করা হয়।
একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সামনে আরও ‘বিধ্বংসী, ব্যাপক ও কঠোর’ হামলা চালানো হবে। শত্রুপক্ষের স্থায়ী, চূড়ান্ত ও পূর্ণ আত্মসমর্পণ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণাও পুনর্ব্যক্ত করা হয়। সূত্র: আলজাজিরা
ইসরায়েলি ‘হার্মাস ৯০০’ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
মিলিশিয়া হামলার শঙ্কা, মার্কিনিদের ইরাক ছাড়ার নির্দেশ
