ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ নেতা কামাল খারাজি (৮১) মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) তেহরানে তার নিজ বাসভবনে চালানো এই বিমান হামলায় খারাজির স্ত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের স্থানীয় সংবাদমাধ্যম শারঘ ও এতেমাদ-সহ বেশ কিছু সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮১ বছর বয়সী কামাল খারাজি বর্তমানে তেহরানের একটি হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে ‘টার্গেটেড কিলিং’ বা পরিকল্পিত গুপ্তহত্যার চেষ্টা ছিল কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।
তবে আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল জানিয়েছেন, তেহরানের বর্তমান পরিস্থিতিতে একে একটি উচ্চপর্যায়ের এসাসিনেশন মিশন হিসেবেই দেখা হচ্ছে।
কামাল খারাজি ইরানের রাজনীতির এক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির আমলে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রধান বৈদেশিক নীতি উপদেষ্টা এবং ‘কৌশলগত সম্পর্ক বিষয়ক পরিষদ’-এর প্রধান হিসেবে নিযুক্ত হন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, ইরানের পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, যা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
এই হামলার পর ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বিত কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তাসনিম নিউজ এজেন্সিকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের সহ্যশক্তিকে দুর্বলতা ভাবছে। তেহরান অচিরেই এমন এক ‘চূর্ণবিচূর্ণকারী’ হামলা চালাবে যা শত্রুরা কল্পনাও করতে পারবে না।’
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, একের পর এক হামলায় ইরান এখন কার্যত দিশেহারা এবং ওয়াশিংটন খুব দ্রুতই তার চূড়ান্ত সামরিক লক্ষ্য অর্জন করতে যাচ্ছে।
হাসপাতালে যাওয়ার আগে এক প্রতিক্রিয়ায় কামাল খারাজি জানিয়েছিলেন যে, তিনি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখছেন না। ডোনাল্ড ট্রাম্প তার প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে অভিযোগ তুলে তিনি বলেছিলেন, আলোচনার টেবিলে থাকার সময়ও ইরানের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি শত্রুদের নাগালের বাইরে রয়েছে
স্থল হামলা চালালে একজন শত্রুও জীবিত ফিরবে না: ইরান সেনাপ্রধান
