মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে পাকিস্তানের নেওয়া মধ্যস্থতার প্রচেষ্টা কোনো আলোর মুখ দেখেনি। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইসলামাবাদে মার্কিনিদের সঙ্গে সংলাপে বসতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ইরান। এর ফলে আঞ্চলিক পর্যায়ে শান্তি স্থাপনের উদ্যোগ এখন পুরোপুরি থমকে গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে যে তারা আলোচনার জন্য কোনো প্রতিনিধি পাঠাবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো তেহরানের কাছে "অগ্রহণযোগ্য" মনে হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানের এই প্রচেষ্টার ব্যর্থতার পর এখন কাতার ও তুরস্ক মধ্যস্থতার জন্য এগিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন যে ইরানের প্রেসিডেন্ট স্বয়ং যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ 'হরমুজ প্রণালি' পুনরায় উন্মুক্ত না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতিতে যাবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই দাবিকে "মিথ্যা ও ভিত্তিহীন" বলে উড়িয়ে দিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত কমাতে ওয়াশিংটন তেহরানকে ৪৮ ঘণ্টার একটি সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু ইরানের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, তারা এই প্রস্তাবে কোনো সাড়া দেয়নি। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং যুদ্ধবিরতির শর্ত নিয়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে যুদ্ধের ৩২তম দিনেও পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ইরান যুদ্ধে প্রাণ হারালেন ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
