ইরানের রাজধানীর উত্তরে শক্তিশালী বিস্ফোরণ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:৫৭ এএম

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনার মধ্যেই এবার ইরানের রাজধানী তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভোরে তেহরানের উত্তরাঞ্চলীয় বেশ কয়েকটি এলাকায় এই বিস্ফোরণ ঘটে।

শনিবার (৪ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা আরবি তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার পরপরই তেহরানজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্তত দুটি বড় ধরনের বিস্ফোরণের শব্দে তাদের ঘরবাড়ি কেঁপে ওঠে। তবে এই বিস্ফোরণ কোনো ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার শব্দ- সে বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে সরাসরি যুদ্ধ চলছে। এরই মধ্যে আজ সকালে দুবাই মেরিনা এবং গতকাল আবুধাবির গ্যাস স্থাপনায় ইরানের হামলার খবর পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে, তেহরানের এই বিস্ফোরণগুলো হতে পারে কোনো পাল্টা আক্রমণের অংশ। তবে সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ বা বিস্ফোরণের উৎস সম্পর্কে এখনো বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আল জাজিরার প্রতিনিধিরা জানিয়েছেন, তারা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছেন এবং পরবর্তী তথ্য পাওয়া মাত্রই তা আপডেট করা হবে।

SN
আরও পড়ুন
সর্বশেষপঠিত