পবিত্র ইস্টার সানডের দিনেও লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২৯ মার্চ) লেবাননজুড়ে চালানো এই সিরিজ হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে এটি ছিল অন্যতম একটি রক্তক্ষয়ী দিন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কাফরহাতা গ্রামে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সরাসরি একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এই হামলায় একই পরিবারের সদস্যসহ মোট সাতজন নিহত হয়েছেন। মর্মান্তিক বিষয় হলো, নিহতদের মধ্যে মাত্র চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।
রাজধানী বৈরুতের জনাহ এলাকায় চালানো আরেকটি হামলায় অন্তত চারজন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। এছাড়া বৈরুতের পূর্বাঞ্চলীয় আইন সাদেহ্ এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
লেবাননের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালনে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তেই এই হামলাগুলো চালানো হয়েছে। উৎসবের দিনে সাধারণ মানুষের ওপর এমন বিধ্বংসী হামলায় পুরো দেশজুড়ে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং মিডল ইস্ট আই লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এই হতাহতের পরিসংখ্যান নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, বেসামরিক এলাকায় ইসরায়েলের এই অব্যাহত হামলা পরিস্থিতিকে একটি অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
ইরানের আকাশ নিরাপদ রাখছে ‘খোরদাদ-৩’
