যুদ্ধবিরতি ভেঙে ইরানের তেল শোধনাগারে হামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হতেই ইরানের ‘লাভান’ (Lavan) তেল শোধনাগারে বিমান হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে তেহরান।

বুধবার (৮ এপ্রিল) সকালে এ হামলার ঘটনা ঘটে।

ইরানের জাতীয় তেল কোম্পানি (NIORDC) নিশ্চিত করেছে যে, স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে লাভান দ্বীপের শোধনাগার স্থাপনাগুলোতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। হামলার পরপরই পুরো শোধনাগারে দাউ দাউ করে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, সময়মতো কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ফলে কোনো প্রাণহানি ঘটেনি, তবে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শোধনাগারে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন (আইআরআইবি) জানিয়েছে, হামলার পরপরই সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে একঝাঁক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তেহরানের দাবি, তারা এই ‘বিশ্বাসঘাতকতামূলক’ হামলার দাঁতভাঙা জবাব দিচ্ছে।

এদিকে, এই হামলার সাথে কোনো ধরণের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘আমরা এই ঘটনায় জড়িত নই।’ তবে ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া আর কারো পক্ষে তাদের ভূখণ্ডের এত গভীরে সুনির্দিষ্ট হামলা চালানো সম্ভব নয়।

হামলার পর দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ইরান সরকার বলেছে, তাদের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ পরিহার এবং জ্বালানি সাশ্রয় করার অনুরোধ জানানো হয়েছে। সূত্র: রয়টার্স।

FJ
আরও পড়ুন