ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি বলেছেন, এমন কোনো যুদ্ধবিরতি তেহরান চায় না, যা শত্রুপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে আবার হামলার সুযোগ করে দেয়। ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক সামনে রেখে তেহরানে শুক্রবার (১০ এপ্রিল) বিদেশি রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
রাভানচি জানান, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার মতে, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে স্বাগত জানায়, তবে তা অবশ্যই বাস্তবতার ওপর ভিত্তি করে হতে হবে।
তিনি স্পষ্ট করে বলেন, ভুল তথ্য বা প্রতারণার উদ্দেশ্যে পরিচালিত কোনো সংলাপে ইরান অংশ নিতে আগ্রহী নয়। এমন আলোচনা শেষ পর্যন্ত নতুন করে সামরিক আগ্রাসনের পথ তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ইরানি এই কূটনীতিক আরও বলেন, যুদ্ধবিরতি নিয়ে মিত্র দেশগুলোকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যথাযথ নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া আগের মতো পরিস্থিতি আর মেনে নেওয়া হবে না।
উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাত আলোচনার মাধ্যমে বিরতির মুখ দেখতে যাচ্ছে। শুক্রবার (১০ এপ্রিল) ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল। এরই মধ্যে তারা পাকিস্তান পৌঁছেছে। সূত্র: আলজাজিরা
আলোচনায় বসতে পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল
নিরাপত্তা ও অর্থনৈতিক কারণেই মধ্যস্ততাকারীর ভূমিকায় পাকিস্তান?
উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে সংশয়
