ইরানে সামরিক অভিযান এখনো শেষ হয়নি: নেতানিয়াহু

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পিএম

ইরানে ইসরায়েলের সামরিক অভিযান এখনো শেষ হয়নি বলে স্পষ্ট বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির মাঝেই তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলছিল, ঠিক সেই সময়েই এক ভিডিওবার্তায় নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন।

ভিডিওবার্তায় নেতানিয়াহু বলেন, ‘ইরানে ইসরায়েলের অভিযান এখনও শেষ হয়নি, আমাদের আরও অনেক কিছু করার আছে। তবে এখন পর্যন্ত আমাদের অর্জনগুলো ঐতিহাসিক।’

ইরানে সামরিক অভিযান শুরুর মূল কারণ হিসেবে দেশটির পারমাণবিক কর্মসূচিকে উল্লেখ করেন তিনি। তার দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াত।

নেতানিয়াহু আরও দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি দেশটির ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে ভূগর্ভে সরিয়ে নিতে চেয়েছিলেন, যাতে তা যুক্তরাষ্ট্রের বি-টু (B-2) বোমারু বিমানের নাগালের বাইরে থাকে। এমন পরিস্থিতিতে ইসরায়েল চুপ করে থাকতে পারেনি বলেও জানান তিনি।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে গত দুই দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে। এ নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিবিড় সংলাপ হলেও কোনো সমঝোতা হয়নি।

এর ঠিক পরদিন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান এবং ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন।

পরবর্তীতে উত্তেজনা কমাতে গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় ১১ এপ্রিল দুই দেশের প্রতিনিধিরা ইসলামাবাদে আলোচনায় বসলেও কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়।

এমন পরিস্থিতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং সামনে আরও লক্ষ্য অর্জন করতে হবে। ইরানে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ‘চুক্তির মাধ্যমে এই ইউরেনিয়াম সরানো না হলে অন্য উপায়ে তা সরানো হবে।’ সূত্র: বিবিসি, এএফপি।

FJ
আরও পড়ুন