আন্তর্জাতিক চাপ ও শান্তি আলোচনার গুঞ্জনের মাঝেই লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযান অব্যাহত থাকবে, এমনকি তথাকথিত ‘নিরাপদ অঞ্চল’-এর ভেতরেও কোনো ছাড় দেওয়া হবে না।
লেবানন সীমান্তের কাছে এক সংক্ষিপ্ত সফর শেষে ইসরায়েলে ফিরে একটি ভিডিও বার্তায় তিনি এই কড়া অবস্থান ব্যক্ত করেন।
ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, তিনি সীমান্ত এলাকায় দায়িত্বরত সেনাদের কাছ থেকে অপারেশন সংক্রান্ত বিস্তারিত ব্রিফিং নিয়েছেন। পরিস্থিতির পর্যালোচনার পর তিনি স্পষ্ট করেছেন যে, হিজবুল্লাহর বিরুদ্ধে চলমান কৌশলে কোনো পরিবর্তন আনা হবে না।
এদিকে দক্ষিণ লেবাননের বিনত জবেইলসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলা আরও তীব্র হয়েছে। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একটি উদ্ধার অভিযানে যাওয়ার পথে রেড ক্রসের একটি অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই একজন প্যারামেডিক নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। এই ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে লেবানন।
কূটনৈতিক তৎপরতা নিয়ে ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননের আনুষ্ঠানিক সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে কোনো ধরণের যুদ্ধবিরতি বা আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে তেল আবিব। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রশাসনের চাপের কারণে বৈরুতের কেন্দ্রস্থলে হামলা কিছুটা কমলেও দক্ষিণ লেবাননকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করছে আইডিএফ। সূত্র: মিডল ইস্ট আই।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২০৫৫
যুদ্ধবিরতিতে লেবাননের অন্তর্ভুক্তি চায় ফ্রান্স-ব্রিটেন
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১৮
