শনিবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে ইরান

আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পিএম

দীর্ঘ প্রায় এক মাস অবরুদ্ধ থাকার পর পুনরায় ডানা মেলছে ইরানের এভিয়েশন শিল্প। আগামী শনিবার থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নিয়মিত আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল সামরিক সংঘাত শুরু হওয়ার পর দেশটির আকাশসীমা কার্যত বন্ধ হয়ে গিয়েছিল।

পাকিস্তানে বর্তমানে মধ্যস্থতাকারী দেশগুলোর উপস্থিতিতে যুদ্ধবিরতি চলায় ধাপে ধাপে আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। ইমাম খোমেনি এয়ারপোর্ট সিটির প্রধান নির্বাহী রামিন কাশেফ আজর জানান, প্রাথমিক পর্যায়ে তুরস্কের ইস্তাম্বুল এবং ওমানের মাসকাট রুটে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে যাত্রীদের চাহিদা অনুযায়ী অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যেও ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

কাশেফ আজর আরও নিশ্চিত করেছেন যে, বিমানবন্দরের সকল অবকাঠামো এবং নেভিগেশন সিস্টেম বর্তমানে সম্পূর্ণ সচল ও নিরাপদ রয়েছে। এর আগে যুদ্ধ চলাকালীন বিমানবন্দরটি শুধুমাত্র জরুরি কার্গো বা পণ্যবাহী ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়েছিল।

আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটেও প্রাণচাঞ্চল্য ফিরছে। ইরানের জাতীয় পতাকাবাহী সংস্থা ‘ইরান এয়ার’ গত ২২ এপ্রিল থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আগামী ২৫ ও ২৬ এপ্রিল থেকে আরও বেশ কিছু অভ্যন্তরীণ গন্তব্যে বিমানের শিডিউল ঘোষণা করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ তাদের বিমান চলাচল খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে চার ধাপের একটি মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। যার অংশ হিসেবে ১৮ এপ্রিল থেকে শুরুতে দেশের পূর্বাঞ্চলে বিমান চলাচল শুরু হয়। ২০ এপ্রিল তেহরানের ইমাম খোমেনী আন্তর্জাতিক বিমানবন্দরের মতো প্রধান কেন্দ্রগুলো পুনরায় খুলে দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা, সৌদি গেজেট ও তাসনিম নিউজ।

FJ
আরও পড়ুন