ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় প্রতিজ্ঞ এবং এই লক্ষ্য অর্জনে ওয়াশিংটন তেহরানের ওপর 'সর্বোচ্চ চাপ' প্রয়োগ অব্যাহত রাখবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি মাইক ওয়াল্টজ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওয়াল্টজ বলেন, সর্বোচ্চ চাপ সত্ত্বেও ইরান যদি সৎ উদ্দেশ্যে বা সদিচ্ছা নিয়ে এগোতে চায়, তবে তাদের জন্য আলোচনার টেবিলে ফেরার দরজা এখনও খোলা রয়েছে।
নিউ ইয়র্কে 'আল-মনিটর' আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও অংশ যুক্ত করে মার্কিন এই দূত আরও বলেন, ইরানকে বিশ্বের সবচেয়ে বড় ও সক্রিয় সন্ত্রাসী পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে উল্লেখ করে ওয়াশিংটন কোনোভাবেই তাদের পারমাণবিক সুরক্ষার আড়ালে হরমুজ প্রণালি বা পুরো বিশ্বকে জিম্মি করতে দেবে না। তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের বর্তমান সংঘাতকে ৪৭ বছরের ধারাবাহিক দ্বন্দ্বের অংশ হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, ইরান শুরু থেকেই পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষার কথা অস্বীকার করে আসছে। ২০১৫ সালে বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু কার্যক্রম সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার চুক্তি সই হলেও, ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে বের করে আনেন, যার ফলে চুক্তিটি বাতিল হয়ে যায়।
সূত্র: আল-জাজিরা।
হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির