ইমাম খোমেনি বিমানবন্দরে ৫৭ দিন পর ফ্লাইট চলাচল শুরু

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম

যুদ্ধ পরিস্থিতিতে টানা ৫৭ দিন বন্ধ থাকার পর আবার চালু হয়েছে তেহরানের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর। ইরানের আকাশসীমা পুনরায় খুলে দেওয়ার কয়েক দিনের মধ্যেই সীমিত পরিসরে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

স্বাভাবিক সময়ে প্রতিদিন যেখানে ১০০ থেকে ১৫০টি ফ্লাইট পরিচালিত হতো, সেখানে এখন সেই সংখ্যা নেমে এসেছে ১০ থেকে ১৫–এ। ধীরে ধীরে কার্যক্রম বাড়ছে, টার্মিনালগুলোতেও যাত্রীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে।

যুদ্ধের ধাক্কা কাটিয়ে এই পুনরারম্ভ গুরুত্বপূর্ণ হলেও দেশজুড়ে অবকাঠামোগত ক্ষতির বাস্তবতা এখনও বড় চ্যালেঞ্জ। তেহরানের আরেকটি বিমানবন্দর মেহরাবাদ বিমানবন্দর, যা মূলত অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে, সংঘাত চলাকালে একাধিকবার হামলার শিকার হয়েছে।

শুধু রাজধানী নয়, তাবরিজ ও উর্মিয়াসহ দেশের অন্যান্য শহরের বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় আগেই চাপে থাকা ইরানের বিমান খাতের জন্য এই ক্ষতি আরও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিমানবন্দরে যাত্রীদের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিত মিললেও উদ্বেগ কাটেনি। কারও মধ্যে স্বস্তি, কারও মধ্যে অনিশ্চয়তা, মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সূত্র: আলজাজিরা

AS/FJ
আরও পড়ুন