মার্কিন সামরিক ঘাঁটিগুলো নিজেদের রক্ষায় অক্ষম: মোজতবা খামেনি

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ও সংঘাতের জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি দাবি করেছেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিই এই জনপদের স্থিতিশীলতা নষ্ট করছে। এমনকি মার্কিন ঘাঁটিগুলো বর্তমানে এতটাই দুর্বল যে তারা নিজেদেরই রক্ষা করতে পারছে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ (IRNA)-তে দেওয়া এক বিশেষ বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার এই বক্তব্য প্রচার করেছে।

মোজতবা খামেনি বলেন, ‘ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যায় হামলা এবং তার প্রেক্ষিতে ইরানের পাল্টা জবাবের কারণে বর্তমান পরিস্থিতি জটিল হয়েছে। তবে এই সংকটের মূলে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি ও বিদেশি সেনার উপস্থিতি।’

উপসাগরীয় অঞ্চলের আমেরিকাপন্থী দেশগুলোর প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, ‘এই অঞ্চলে যেসকল মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই অক্ষম। যারা নিজেদের রক্ষা করতে পারে না, তারা অন্য দেশকে নিরাপত্তা দেবে-এমন ধারণা করাটা স্রেফ অবান্তর ও অবাস্তব।’

খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই সামরিক ও কৌশলগত ব্যর্থতার মধ্য দিয়ে হরমুজ প্রণালি ঘিরে এক নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। তিনি বলেন, ‘অতীতে এই অঞ্চল বহুবার বিদেশি আগ্রাসনের শিকার হয়েছে, কিন্তু প্রতিবারই ইরান প্রতিরোধ গড়ে তুলেছে। সাম্প্রতিক যুদ্ধে ইরানের জনগণ যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছে, তা বিশ্ববাসীর জন্য একটি উদাহরণ।’

বক্তব্যের শেষ দিকে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, অদূর ভবিষ্যতে পারস্য উপসাগর এমন এক অঞ্চলে পরিণত হবে যেখানে যুক্তরাষ্ট্রের কোনো প্রভাব থাকবে না। কেবল স্থানীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও শক্তির মাধ্যমেই এই অঞ্চলের উন্নতি ও সমৃদ্ধি ঘটবে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত