ইরানে ‘মোসাদের এজেন্ট’সহ তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০৪ মে ২০২৬, ১১:৩১ এএম

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা 'মোসাদ'-এর হয়ে কাজ করা এবং সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা 'ফারস'-এর বরাতে আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মেহেদি রাসুলি এবং মোহাম্মদ রেজা মিরি নামের দুজনকে ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে ইরান সরকার। তাদের বিরুদ্ধে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা এবং ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির সুনির্দিষ্ট অভিযোগ ছিল।

তৃতীয় ব্যক্তি, ইব্রাহিম দোলাতাবাদি, গত জানুয়ারি মাসে ইরানজুড়ে চলা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় উত্তর-পূর্বাঞ্চলের মাসহাদ শহরে সহিংসতা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তদন্তকারী কর্মকর্তাদের মতে, দোলাতাবাদি মাসহাদের তাবারসি এলাকায় অস্থিরতা তৈরি এবং বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার মাধ্যমে জননিরাপত্তা বিপন্ন করেছিলেন।

ইরান সরকার সাম্প্রতিক সময়ে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সম্পৃক্ততা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় বিচারিক প্রক্রিয়া শেষে এই তিনজনের দণ্ড কার্যকর করা হলো। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন