হরমুজ প্রণালি 

মার্কিন নিষেধাজ্ঞা মানলে ‘কঠিন পরিস্থিতির’ হুঁশিয়ারি ইরানের

আপডেট : ১০ মে ২০২৬, ০১:৫২ পিএম

যেসব দেশ তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে, তারা হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ‘নিশ্চিতভাবে কঠিন পরিস্থিতির’ সম্মুখীন হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির তাসনিম নিউজ এজেন্সির বরাতে এই তথ্য জানানো হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরামি নিয়া এক বিবৃতিতে এই কঠোর বার্তা দেন। তিনি বলেন, যুদ্ধে শত্রুপক্ষের (যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের) কোনো লক্ষ্যই অর্জিত হয়নি এবং ইরানের রাজনৈতিক কাঠামোর ভারসাম্য নষ্ট করা সম্ভব হয়নি।

জেনারেল নিয়া আরও দাবি করেন, শত্রু দেশগুলোর আক্রমণ বরং ইরানের অভ্যন্তরীণ ঐক্য ও সংহতিকে আরও শক্তিশালী করেছে, যার প্রমাণ রাস্তার মানুষের উপস্থিতি। তিনি বলেন, শত্রুরা দেখেছে যে তারা এই প্রতিরোধ ভাঙতে পারবে না এবং শেষ পর্যন্ত তারা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে।

বর্তমানে চলমান যুদ্ধবিরতির সময়কাল নিয়ে তিনি জানান, এই বিরতির সুযোগে ইরান তার সামরিক শক্তি ও সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। তারা নিজেদের লক্ষ্যবস্তুর তালিকা (Target bank) হালনাগাদ করেছে এবং একই সাথে রক্ষণাত্মক ও আক্রমণাত্মক অবস্থানগুলো আরও উন্নত ও সুসংহত করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা মোকাবিলা করতেই তেহরান এই কৌশলগত অবস্থান নিয়েছে। সূত্র: আলজাজিরা

SN
আরও পড়ুন